ভেনেজুয়েলার ভূমিকম্পের পরবর্তী পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সাথে কথা বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে এই কথা জানিয়েছেন।
গণমাধ্যমের সাথে আলাপচারিতায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভার্জিনিয়া এবং লস অ্যাঞ্জেলস থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে।
বিধ্বস্ত হওয়া ভবনগুলোতে অনুসন্ধানের জন্য ভেনেজুয়েলার প্রচুর সাহায্যের প্রয়োজন হবে বলেও মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর একটি রানওয়েতে ফাটল ধরেছে বলেও উল্লেখ করেন মি. রুবিও।
এদিকে, বিশ্বের বিভিন্ন দেশ ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য জার্মানি ছয়টি সামরিক বিমান পাঠাতে প্রস্তুত রয়েছে। সুইজারল্যান্ড ৮০ জন উদ্ধারকর্মী, আটটি উদ্ধারকারী কুকুর এবং ১৮ টন সরঞ্জাম পাঠাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
নেদারল্যান্ডস জানিয়েছে, তারা ভেনেজুয়েলায় একটি উদ্ধারকারী দল পাঠানোর জন্য দুই মিলিয়ন ইউরো(এক দশমিক সাত মিলিয়ন পাউন্ড) বরাদ্দ করবে।
স্পেন এবং ফ্রান্সও উদ্ধারকর্মী পাঠানোর প্রস্তাব দিয়েছে। ভেনেজুয়েলাকে সাহায্য করতে চীন এবং ভারত প্রস্তুত বলে জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























