মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’র চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার তরুণী ওয়াফিয়া সাদিকা। সম্প্রতি রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউসে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের কাছ থেকে বিজয়ীর মুকুট গ্রহণ করেন তিনি।
তবে এই অর্জনকে কেবল সৌন্দর্য প্রতিযোগিতার সাফল্য হিসেবে দেখছেন না ওয়াফিয়া। তার মূল লক্ষ্য অভিনয় জগতে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করা। ভালো গল্প ও মানসম্মত কাজের মাধ্যমে চলচ্চিত্রে পরিচিতি গড়তে চান তিনি।
স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় শুরুতে অংশ নেন ৩০ জন প্রতিযোগী। কয়েক ধাপের বাছাই শেষে সেরা আটজন পৌঁছান চূড়ান্ত পর্বে। আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, র্যাম্পে দক্ষতা ও সামগ্রিক উপস্থাপনার মাধ্যমে বিচারকদের নজর কাড়েন ওয়াফিয়া। শেষ পর্যন্ত তার মাথায় ওঠে বিজয়ের মুকুট।
ঢাকায় বেড়ে ওঠা ওয়াফিয়া সাদিকা পড়াশোনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। বর্তমানে তিনি সাংবাদিকতা ও প্রিন্ট মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক (সম্মান) করছেন। পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি রয়েছে তার গভীর আগ্রহ। ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী হওয়ার স্বপ্ন লালন করে আসছেন তিনি।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে ওয়াফিয়া বলেন, চলচ্চিত্রে কাজ করতে চাই। ভালো গল্প ও মানসম্মত চিত্রনাট্যের অপেক্ষায় আছি। আমার স্বপ্ন দেশের গুণী অভিনেতা মোশাররফ করিমসহ আরো অনেক খ্যাতিমান শিল্পীর সঙ্গে কাজ করা।
তিনি বলেন, আফসানা মিমি, বিপাশা হায়াত ও অপি করিমের মতো দক্ষ ও সম্মানিত অভিনেত্রীদের কাজ আমাকে সবসময় অনুপ্রাণিত করে। তাদের মতো একজন অভিনয়শিল্পী হিসেবে দর্শকের ভালোবাসা অর্জন করাই আমার সবচেয়ে বড় স্বপ্ন।
শুধু দেশের চলচ্চিত্রে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান এই নবীন শিল্পী। এ প্রসঙ্গে তিনি বলেন, সৃজনশীল, মানসম্মত ও অর্থবহ কাজের মাধ্যমে বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে বিশ্বের দরবারে গর্বের সঙ্গে তুলে ধরতে চাই।
সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট দিয়ে ওয়াফিয়া সাদিকার শোবিজ যাত্রার নতুন অধ্যায় শুরু হলো। এখন তার দৃষ্টি অভিনয়ে, যেখানে ভালো গল্প, চ্যালেঞ্জিং চরিত্র ও নিজের প্রতিভার মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিতে চান তিনি।
অনলাইন ডেস্ক 





















