বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই দায়িত্ব দেওয়া হয়েছে, যা গ্রেড-১ পদমর্যাদার অন্তর্ভুক্ত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(১) অনুসারে কাজী জেসিনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিকতা ও উপস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কাজী জেসিনের। তিনি দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টিভি, বাংলাভিশন এবং যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
জনস্বার্থে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
অনলাইন সংস্করণ 















