আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা করেছিলেন বিশ্বক্রিকেটে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল অস্ট্রেলিয়ার হয়ে। তবে এবার নিজের জন্মভূমি পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন মোইসিস হেনরিকস।
আগামী আগস্টে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বে পর্তুগালের জার্সিতে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী হেনরিকস।
শৈশবেই পরিবারের সঙ্গে পর্তুগাল থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান হেনরিকস। ডানহাতি অলরাউন্ডারের বেড়ে ওঠা এবং ক্রিকেটে হাতেখড়ি সেখানেই। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করে নাম লেখান অস্ট্রেলিয়া দলে। তিন সংস্করণ মিলিয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেন। তবে ২০২১ সালের পর দলটির হয়ে আর সুযোগ মেলেনি।
২০২১ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা হেনরিকসের জন্য পর্তুগালের হয়ে খেলাটা সহজ হয়েছে সে কারণেই। অস্ট্রেলিয়ায় ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাওয়ায় পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নেন এই ক্রিকেটার। আর আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর সহযোগী সদস্য দেশের প্রতিনিধিত্ব করতে হলে অন্তত তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত থাকতে হয়। হেনরিকস সেই শর্তও ইতোমধ্যেই পূরণ করেছেন।
ফিনল্যান্ডে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান সাব-রিজিওনাল বাছাইপর্ব দিয়ে শুরু হবে পর্তুগালের ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন, আর সেখানেই অভিষেক হতে পারে তার।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অত্যন্ত সফল ছিলেন হেনরিকস। বিগ ব্যাশ লিগ (বিবিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিসহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন তিনি। ক্যারিয়ারে জিতেছেন ১১টি বড় শিরোপা।
বিগ ব্যাশে দীর্ঘ সময় সিডনি সিক্সার্সের হয়ে খেলেছেন হেনরিকস। ২০১১-১২ মৌসুমে দলটির প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে অধিনায়ক হিসেবে ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে টানা দুইবার সিডনি সিক্সার্সকে চ্যাম্পিয়ন করেন। এছাড়া ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল শিরোপাও জিতেছিলেন এই অলরাউন্ডার।
নিজস্ব প্রতিবেদক 
























