ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় এখন পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। পতাকা উড়িয়ে পছন্দের দলকে সমর্থন জানাচ্ছেন ভক্তরা।
তবে নির্দিষ্ট কোনো দল নয়, ঢাকার সাভার উপজেলার আমিনবাজারে গাবতলী সেতুর একাংশে দেখা মেলে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের পতাকা। সমর্থনকে কেন্দ্র করে দ্বন্দ্ব নয়, উৎসাহ উদ্দীপনা নিয়ে ফুটবল বিশ্বকাপকে উপভোগ করতে চায় পতাকা উত্তোলনকারীরা।
শফিক নামের এক তরুণ বলেন, ‘এলাকার ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতিবারই আমরা পতাকা উড়াই। এবার নতুন কিছু করার জন্য এলাকার ছোট ভাইরা ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দেশের পতাকা টাঙানো হয়েছে।’
রিফাত নামের এক যুবক বলেন, ‘সেতুতে প্রতিটা দেশের পতাকা টাঙানো হয়েছে। সবাই মিলেমিশে এই কাজটি করেছি।’
কলেজ শিক্ষর্থী মুন্না বলেন, ‘আমিনবাজারে ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রতিবারই উত্তেজনা থাকে। বাংলাদেশের আর কোনো জায়গায় এমনটা উন্মাদনা পাওয়া যায় না।’
বিভিন্ন দলের সমর্থকদেরও দেখা মেলে এখানে। পছন্দের দলের পতাকে আঁকড়ে বিশ্বকাপ জয়ের প্রত্যাশা তাদের।
বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮ দেশের পতাকার সঙ্গে রয়েছে বাংলাদেশের পতাকাও। সবারই প্রত্যাশা একদিন বাংলাদেশ দলও জায়গা করে নেবে বিশ্বকাপে।
নিজস্ব প্রতিবেদক 















