দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।
মঙ্গলবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ – এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি উর্দু।
ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ এর তথ্য মতে, টায়ার শহরের পূর্ব দিকে মাসাকেন আল-শাবিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
এছাড়া এই হামলার ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে লেবানিজ ওয়েবসাইট ‘লোরিয়েন্ট টুডে’।
এনএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, টায়ারের উত্তর-পূর্বের পার্বত্য এলাকা কাফর রামান শহরে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুইজন নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার সকালে লেবাননের নাবাতীয়া এবং কাফর সাইর এলাকায় বিমান হামলা চালানো হয়েছে এবং জাবশীত এলাকায় কামান দিয়ে গোলাবর্ষণ করা হয়েছে।
এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছিল যে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন; যার মধ্যে নাবাতীয়া জেলার সাতজন এবং টায়ার শহরের পাঁচজন রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 























