মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত নৌপথ হরমুজ প্রণালী দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে যাতায়াত করেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই জাহাজগুলোর পারাপার সম্পূর্ণভাবে তাদের নৌবাহিনীর নিরাপত্তা ও সমন্বয়ের অধীনে সম্পন্ন হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সি’-র বরাতে জানা গেছে, পারাপার হওয়া জাহাজগুলোর মধ্যে রয়েছে জ্বালানি তেলবাহী ট্যাংকার, কনটেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযান।
বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্যের একটি বড় অংশ পরিবাহিত হয়। এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনী সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা বজায় রাখছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা ও নিরাপদ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালীর এই স্বাভাবিক চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিজস্ব প্রতিবেদক 













